মাদ্রাসা পরিচিতি

প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উত্তরে অবস্থিত ঐতিহাসিক পটভূমি মীরসরাই উপজেলা। এ উপজেলা বহু ইতিহাস, ঐতিহ্য ও বিপ্লব-অনুবিপ্লবের স্মৃতিধারক। প্রাকৃতিকভাবে এ উপজেলার চারপাশে রয়েছে বিস্তৃত সবুজের সমাহার। যার পশ্চিমে বঙ্গপসাগর এবং পূর্বে রয়েছে উঁচু-উঁচু পাহাড়সারি যা আবহমান বাংলার বনেদী প্রকৃতির জীবন্ত স্মারক। অন্যত্র রয়েছে সমুদ্রস্নাত সবুজ ক্ষেতের সমতল ভূমি। এ ছাড়াও রয়েছে অর্থনৈতিক গুরুত্ব ও ধর্মীয় ঐতিহ্যে তার বিশেষ মর্যাদা ও অবস্থান। উল্লেখ্য, অত্র এলাকায় একজন বিশিষ্ট গুণী, দানবীর ও সর্বজনপ্রিয় ব্যাক্তি ছিলেন। নাম তার—মীর সাহেব এবং এখানেই তার একটি সরাইখানা ছিল। সেটি মীর সাহেবের সরাইখানা হিসেবে সবার কাছে পরিচিত ছিলো। সেদিকে লক্ষ্য করে এই এলাকার নাম রাখা হয়েছিলো মীরসরাই। এমনি বহু ইতিহাস-ঐতিহ্যে ঘেরা মনোহারী প্রাকৃতিক লীলাভূমির মাঝে দাঁড়িয়ে আছে আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ দারুল ইকরা মডেল মাদরাসা।